পার্বতীপুরে ট্রেন থেকে পকেটমার চক্রের ৫ সদস্য আটক

দিনাজপুরের পার্বতীপুর জংশন রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে পকেটমার চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৯ হাজার ৩৮০ টাকা এবং পাঁচটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটের দিকে পার্বতীপুর জংশন রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এ অভিযান পরিচালনা করা হয়। পঞ্চগড় থেকে ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি প্ল্যাটফর্মে অবস্থান করার সময় যৌথভাবে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি একতা এক্সপ্রেস ট্রেনে এক যাত্রীর পকেট থেকে বিপুল পরিমাণ টাকা খোয়া যাওয়ার অভিযোগ পাওয়া যায়। ওই ঘটনার পর স্টেশন ও ট্রেনের বিভিন্ন স্থানে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা করা হয়। পরবর্তীতে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের গতিবিধির ওপর নজরদারি শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এরই ধারাবাহিকতায় শনিবার রাতে একতা এক্সপ্রেস ট্রেন পার্বতীপুর জংশন স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছালে রেলওয়ে থানা পুলিশ ও আরএনবির সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। এ সময় পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে নগদ ১৯ হাজার ৩৮০ টাকা এবং পাঁচটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংলি গ্রামের কেরামত আলীর ছেলে সাইফুল ইসলাম (৫৯), গাইবান্ধা সদর উপজেলার আদর্শপাড়া গ্রামের মৃত সুরিং বিশ্বাসের ছেলে সুরুজ মিয়া (৪৮), কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশাদ তালুক গ্রামের রশিদ মিয়ার ছেলে লিটন রানা (৩০), একই উপজেলার তেলীপাড়া মেঘরটারি গ্রামের কুব্বাত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৪) এবং নড়াইল সদর থানার ফুলমার গ্রামের কুটি মিয়া মোল্লার ছেলে রুহুল আমিন (৬৬)।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ট্রেন ও রেলওয়ে স্টেশন এলাকায় পকেটমারির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া টাকা ও মোবাইল ফোনের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে।
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী পাঁচজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রেলওয়ে স্টেশন ও ট্রেনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ভোরের আকাশ/ এনউব