সিদ্ধিরগঞ্জে গভীর রাতে যাত্রীবাহী বাসে অগ্নিকান্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তার পাশে পার্ক করে রাখা নীলাচল পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে গভীর রাতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টা থেকে দুইটার মধ্যে সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের এসও ঈদগাহ মাঠ সংলগ্ন নতুন রাস্তার পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার পাশে পার্ক করে রাখা বাসটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। পরে খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুর্বৃত্তরা বাসটিতে ধরিয়ে দিয়ে থাকতে পারে বলেও জানান তারা।
আদমজী ফায়ার স্টেশনের কর্মকর্তা মিরন মিয়া জানান, পার্ক করে রাখা একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে যায়। প্রায় বিশ মিনিটের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে বাসটি খালি থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবর রহমান জানান, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
ভোরের আকাশ/আ.র