সাজাপ্রাপ্ত আসামি নাজমুল ঢাকায় র্যাবের অভিযানে গ্রেপ্তার

নারী ও শিশু নির্যাতন মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল। কিন্তু রায় ঘোষণার পর থেকেই গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন মো. নাজমুল ওরফে বাবু দাই (৪০)। দীর্ঘ ৯ বছর পর অবশেষে ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (৩০ আগস্ট) দুপুরে ঢাকা মহানগরীর উত্তরা পূর্ব থানা এলাকায় পরিচালিত বিশেষ যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাজমুল খুলনা জেলার রূপসা থানার শোলপুর গ্রামের মৃত আফছার দাইয়ের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, নাজমুলের বিরুদ্ধে ২০১৭ সালে খুলনা জেলার রূপসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩)-এর ১০ ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটির নম্বর ১৮(০৬)২০১৭ এবং জিআর নম্বর ১৬৯/১৭।
পরবর্তীতে মামলাটির বিচার শেষে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত নাজমুলকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগের নির্দেশ দেওয়া হয়।
রায় ঘোষণার পর থেকেই গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন নাজমুল। দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট পরোয়ানা তামিলকারী কর্মকর্তা র্যাব-৮, বরিশালের অধিনায়কের কাছে একটি অধিযাচনপত্র পাঠান।
এর পরিপ্রেক্ষিতে র্যাব-৮-এর সদর কোম্পানি, বরিশাল এবং র্যাব-১-এর সদর কোম্পানি, উত্তরা, ঢাকার একটি চৌকস আভিযানিক দল যৌথভাবে অভিযান পরিচালনা করে। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় রোববার দুপুরে উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে নাজমুলকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৮ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষণ ও ডাকাতিসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে তারা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গ্রেপ্তার নাজমুলের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঢাকা মহানগরীর বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/সু.পা