ট্রলার বিকল হয়ে পাঁচদিন সাগরে ভেসে থাকা ১৮ জেলে উদ্ধার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার বিকল হয়ে পাঁচদিন ধরে ভেসে থাকার পর ১৮ জেলেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জেলেদের ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের পাচকপাট স্লুইসগেট এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ভোলা থেকে স্বজনদের পাঠানো একটি মাছ ধরার ট্রলারে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিকল ট্রলারটির মালিক হানিফ মাঝির ভাই ফিরোজ রাঢ়ী জানান, তার ভাইসহ ট্রলারের ১৮ জন মাঝিমাল্লাকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সোনারচর সংলগ্ন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত শনিবার হানিফ মাঝির মালিকানাধীন ট্রলারটি ১৮ জন জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। রোববার ভোররাতে ট্রলারের পাখা ভেঙে গেলে সোনারচর ও রূপারচরের মাঝামাঝি এলাকায় বিকল অবস্থায় নোঙর করেছিল ট্রলারটি।
মঙ্গলবার নেটওয়ার্ক পাওয়ার পর ট্রলার মালিক হানিফ মাঝি বিষয়টি তার এলাকার আড়তদার ফরহাদ হোসেন পাটোয়ারীকে জানান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে উদ্ধারের সহায়তা চাওয়া হয়।
কিন্তু প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় তিন নম্বর সতর্কসংকেতের মধ্যে উত্তাল সাগরে উদ্ধার অভিযান ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় বুধবার পর্যন্ত তাদের উদ্ধার করতে পারেনি কোস্টগার্ড ও নৌপুলিশ। শেষপর্যন্ত বৃহস্পতিবার সকালে আড়তদারের পাঠানো ট্রলারে পাঁচদিন পর ১৮ জেলেকে উদ্ধার করা হয়।
সাগরে দুর্ঘটনা কবলিত জেলেদের উদ্ধারে কোস্টগার্ড ও নৌ পুলিশের আধুনিকায়ন ও প্রয়োজনে ও সরঞ্জাম দেওয়ার দাবি সংশ্লিষ্টদের।
ভোরের আকাশ/ ইউএম