বাগেরহাটে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের গোবরদিয়া এলাকায় এক গৃহবধূর বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় প্রাণনাশের হুমকির অভিযোগ এনে বাগেরহাট সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।
অভিযোগকারী হাসিনা বেগম (৫২) জানান, রবিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে মুসা মীর, ইসমাইল মীনা, নাসিমসহ ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে। এ সময় হামলাকারীরা তাকে ও তার স্বামী দেলোয়ার হোসেনকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা দাবি করে।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা বাড়ির পশ্চিম পাশের মুরগির ঘর ও টিনের বাউন্ডারি বেড়া ভাঙচুর করে প্রায় ১ লাখ ১০ হাজার টাকার ক্ষতি সাধন করে। পাশাপাশি বাড়ির বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলা হয়।
ভুক্তভোগী পরিবারের দাবি, একপর্যায়ে হামলাকারীরা বসতঘরের মালামাল তছনছ করে এবং বিছানার নিচে রাখা ১৩ হাজার টাকা নিয়ে যায়। একই সঙ্গে জায়গা ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে এবং অস্বীকৃতি জানালে হত্যার হুমকি দেয়।
স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তরা বাড়ি দখলের হুমকি দিয়ে দ্রুত সরে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে হাসিনা বেগম রবিবার সকালে বাগেরহাট সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
ভোরের আকাশ/ র.ই