চাঁদপুরে নির্মাণাধীন ভবনের পঞ্চম তলা থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু

চাঁদপুর শহরের ব্যাংক কলোনি এলাকায় নির্মাণাধীন ভবনের পঞ্চম তলা থেকে পড়ে দেলোয়ার হোসেন (৫৫) নামে এক ঠিকাদারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে আশরাফিয়া মাদরাসাসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন বিষ্ণুদী রোডের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় দেলোয়ার হোসেন শ্রমিকদের সঙ্গে থেকে নির্মাণাধীন ভবনের কাজ তদারকি করছিলেন। এ সময় অসাবধানতাবশত পঞ্চম তলার ছাদ থেকে নিচে মাটিতে পড়ে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে শ্রমিক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে।
নির্মাণকাজের সাইটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা (সেফটি গিয়ার ও রেলিং) না থাকার বিষয়টি আবারও সামনে এসেছে।
সংশ্লিষ্ট মহলের দাবি, এই মৃত্যু এড়ানো যেত যদি সাইটে বাধ্যতামূলক ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (PPE) এবং পতন প্রতিরোধ ব্যবস্থা নিশ্চিত করা হতো।
ভোরের আকাশ/ এনউব