ব্রাহ্মণবাড়িয়ায় জেলে সেজে আসামী ধরলেন পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় জেলে সেজে ধর্ষণের দায়ে অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানাধীন চিত্রি গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে সুমন মিয়া একই এলাকার মানসিক প্রতিবন্ধী নারীকে গত ১৪ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া যায়।
ভিকটিমের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে নবীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা রুজু হয়। মামলা রুজুর পর আসামী গ্রেফতারে নবীনগর থানা পুলিশের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
একপর্যায়ে মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত ১০টার দিকে নবীনগর পশ্চিম ইউনিয়নের চিত্রি গ্রামের মেঘনা নদীর পাড় এলাকায় বিশেষ কৌশল অবলম্বন করে জেলের ছদ্মবেশে অভিযান পরিচালনার মাধ্যমে এজাহারনামীয় অভিযুক্ত সুমন মিয়াকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/এনউব