রামপালে বসতবাড়িতে হামলা: ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত

জমিসংক্রান্ত জেরে প্রতিবেশী প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে শেখ আহাদ আহামেদ ইতু (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। হামলায় নিহতের বাবা ও মা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে বাগেরহাটের রামপাল উপজেলার ১০ নম্বর বাঁশতলা ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে এ নৃশংস হামলার ঘটনা ঘটে।
নিহত আহাদ আহামেদ ওই গ্রামের ফরিদুজ্জামান বয়াতির ছেলে। আহত ব্যক্তিরা হলেন নিহতের বাবা ফরিদুজ্জামান বয়াতি (৬০) ও মা নাজমা বেগম (৪৮)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ফরিদুজ্জামান বয়াতির পরিবারের সঙ্গে প্রতিবেশী মাসুম বয়াতি (৫৫) ও বাকি বয়াতির দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। গতকাল সকালে বাড়ির সামনের রাস্তার বৃষ্টির পানি নিষ্কাশন ও আটকানো নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ফরিদুজ্জামানের পরিবারের ওপর হামলা চালায়। হামলাকারীদের এলোপাথাড়ি কোপে আহাদ এবং তাঁর বাবা-মা গুরুতর আহত হন।
স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহাদকে মৃত ঘোষণা করেন। আহত ফরিদুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নাজমা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। রামপাল থানা-পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আটকে এলাকায় অভিযান চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ভোরের আকাশ/ এনউব