জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

জামালপুরের মেলান্দহে সড়ক দূর্ঘটনায় নাজমিন নাহার নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৯ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পয়লা ব্রিজ সংলগ্ন আগপয়লা গ্রামে মাহমুদপুর-মেলান্দহ সড়কে এই দূর্ঘটনা ঘটে।
নাজমিন উপজেলার রোকনাই পাড়া গ্রামের নাজমুল হাসানের মেয়ে। সে রোকনাই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
নিহতের পরিবার সুত্রে জানা গেছে, কিছুদিন আগে শিশু নাজনীন মায়ের সাথে নানা বাড়ি আগপয়লা গ্রামে বেড়াতে আসে। রবিবার সকালে খাবার খেয়ে খেলতে যাবার উদ্দেশ্যে বাড়ি সংলগ্ন সড়ক পার হতে যায়। এ সময় মাহমুদপুর হতে মেলান্দহ উপজেলাগামী একটি ব্যাটারি চালিত অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সাইদ আহমেদ শুভ জানান, একদম মুমূর্ষু অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হলে আমরা দ্রুত তাকে অক্সিজেন ও সেলাইন লাগিয়ে দেই। কিন্তু ক্রমেই তার নিশ্বাস কমে আসায় পাঁচ মিনিটের মধ্যেই সে মারা যায়। পরে থানা পুলিশের উপস্থিতিতে পরিবারের কাছে শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম মাহমুদুল হক জানান, রোড এক্সিডেন্টে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একটি শিশু মারা যায়। কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন ।
ভোরের আকাশ/এনউব