খুলনায় ওয়ার্ল্ড লায়ন্স ডে উপলক্ষে র্যালি, রক্তদান ও বৃক্ষরোপণ

লায়ন্স ইন্টারন্যাশনালের ‘ওয়ার্ল্ড লায়ন্স সার্ভিস ডে অ্যান্ড অক্টোবর সার্ভিস প্রোগ্রাম-২০২৬’ উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র্যালি, স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ ও মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় খুলনা প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালির উদ্বোধন করেন।
খুলনা সুন্দরবন লায়ন্স ক্লাব, খুলনা মেট্রোপলিটন লায়ন্স ক্লাব, পয়গ্রাম কসবা লায়ন্স ক্লাব ও খুলনা ম্যানগ্রোভ লায়ন্স ক্লাব যৌথভাবে এ র্যালির আয়োজন করে। এতে লায়ন্স ইন্টারন্যাশনালের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
র্যালি উদ্বোধনকালে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, লায়ন্স ক্লাব যেভাবে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে, তা প্রশংসনীয়। রক্তদান, বৃক্ষরোপণ ও জনস্বাস্থ্য সুরক্ষামূলক কর্মসূচির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ভবিষ্যতেও লায়ন্স ক্লাবের জনকল্যাণমূলক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
র্যালি শেষে ‘টুগেদার উই রাইজ, টুগেদার উই থ্রাইভ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মানবসেবা, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ ও মশক নিধন কর্মসূচি পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম। এ সময় কেসিসির ২২ নম্বর ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা খান হাবিবুর রহমান, খুলনা মেট্রোপলিটন লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন ডা. তরিকুল ইসলাম, খুলনা ম্যানগ্রোভ লায়ন্স ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট লায়ন গবেষক মীর মো. কবির হোসেন, পয়গ্রাম কসবা লায়ন্স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লায়ন সঞ্চিতা দে, খুলনা সুন্দরবন লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন মোসাম্মাৎ আনোয়ারা পারভিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা সুন্দরবন লায়ন্স ক্লাবের চার্টার্ড সেক্রেটারি ও রিজিয়ন চেয়ারপারসন (হেডকোয়ার্টার) লায়ন দিলারা নাসরিন, খুলনা মেট্রোপলিটন লায়ন্স ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট ও ডিস্ট্রিক্ট রিজিয়ন চেয়ারপারসন (ক্লাব) লায়ন শামীমা সুলতানা শীলু, ডিস্ট্রিক্ট গভর্নরের অ্যাডভাইজার লায়ন এম. এ. আউয়াল রাজ, খুলনা ম্যানগ্রোভ লায়ন্স ক্লাবের ট্রেজারার মদিনা মনোয়ারা, মিসেস নুরুন্নাহার ও সাংগঠনিক সম্পাদক শাহিন হাওলাদার।
আয়োজকরা জানান, লায়ন্স ইন্টারন্যাশনালের ‘উই সার্ভ’ মূলমন্ত্রকে ধারণ করে মানবসেবা, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় খুলনার লায়ন্স ক্লাবগুলো সম্মিলিতভাবে কাজ করে যাবে। অক্টোবর সার্ভিস উপলক্ষে সপ্তাহব্যাপী আরও বিভিন্ন সেবামূলক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে বিকেলে নগরীর ইকবালনগরে লায়ন্স ক্লাব চত্বরে ‘ওয়ার্ল্ড লায়ন্স সার্ভিস ডে অ্যান্ড অক্টোবর সার্ভিস প্রোগ্রাম-২০২৬’ উপলক্ষে আরেকটি র্যালির আয়োজন করা হয়। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন। পরে র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লায়ন্স কার্যালয়ে এসে শেষ হয়।
ভোরের আকাশ/জেআ