ডোমারে ইয়াবাসহ দুইজন আটক

নীলফামারীর ডোমারে ২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। এ সময় দুটি মোটরসাইকেল, দুটি উইন কারেক্ট সিরাপ, একটি লোহার ছুরি, দুটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে ডোমার থানার বামোনিয়ার খামারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম কালীগঞ্জ গ্রামের মো. মিজানুর রহমান (৪৭) ও ডোমার উপজেলার চিলাহাটি মাস্টারপাড়া গ্রামের মো. গোলাপ (২৬)।
৫১ বিজিবি জানায়, থানারহাট বিওপির একটি টহলদল নিজস্ব তথ্যের ভিত্তিতে জানতে পারে, সীমান্ত এলাকা থেকে দুই ব্যক্তি মোটরসাইকেলে করে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে ডোমার থানার মেইন পিলার ৭৯০ থেকে প্রায় ১ হাজার ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বামোনিয়ার খামারপাড়া এলাকায় আসছেন।
এ তথ্যের ভিত্তিতে বিজিবির টহলদল ওই এলাকায় অবস্থান নিয়ে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে। বিজিবির ভাষ্য অনুযায়ী, ভোর সাড়ে ৩টার দিকে দুই ব্যক্তি মোটরসাইকেলে সেখানে পৌঁছালে তাদের থামার সংকেত দেওয়া হয়। এ সময় তারা মোটরসাইকেল দুটি ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবির সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন।
পরে আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি উইন কারেক্ট সিরাপ জব্দ করা হয়। এ ছাড়া একটি ইয়ামাহা ১৫০ সিসি মোটরসাইকেল, একটি অ্যাপাচি RTR ১৬০ সিসি মোটরসাইকেল, একটি লোহার ছুরি, একটি স্মার্টফোন, একটি বাটন মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়েছে।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৪ লাখ ২৩ হাজার ৭০০ টাকা।
বিজিবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের দেওয়া তথ্য ও অন্যান্য তথ্যের ভিত্তিতে তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদকদ্রব্যের ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে বিষয়টি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে যাচাই-বাছাই করা হবে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা মালামালসহ তাদের ডোমার থানায় হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/জেআ