দাগনভূঞায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ফেনীর দাগনভূঞা উপজেলায় একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় শামসুজ্জামান খান (৩২) নামে এক বেসরকারি সংস্থার (এনজিও) ব্যবস্থাপক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার তুলাতলী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিনি অফিসের কাজ শেষে মোটরসাইকেলে নোয়াখালীর বেগমগঞ্জে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শামসুজ্জামান মোটরসাইকেলে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক ধরে যাচ্ছিলেন। পথে তুলাতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। পরবর্তী সময়ে ময়নাতদন্তের জন্য লাশটি ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত শামসুজ্জামান খান নেত্রকোনা জেলার পূর্বধলা থানার কলাপাড়া এলাকার আবদুর রফিক খানের ছেলে। তিনি বেসরকারি সংস্থা 'দিশা'র নোয়াখালীর বেগমগঞ্জ শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
'দিশা'র ফেনী সদর শাখার ব্যবস্থাপক মুজিবুর রহমান জানান, শামসুজ্জামান বেগমগঞ্জ অফিসের একটি মেসে থাকতেন। তিনি দাপ্তরিক কাজে একটি চেকে স্বাক্ষর করার জন্য দাগনভূঞায় এসেছিলেন এবং কাজ শেষে নিজের কর্মস্থলে ফিরছিলেন।
সংস্থার জোনাল ম্যানেজার মো. জহিরুল ইসলাম জানিয়েছেন, নিহতের মৃত্যুর খবরটি নেত্রকোনায় তার পরিবারকে জানানো হয়েছে এবং পরিবারের সদস্যরা ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন।
ভোরের আকাশ/মো.আ.