গাজীপুরে গৃহহীন হতদরিদ্র সত্তরোর্ধ্ব খাতুনজান পেলো গৃহ

গাজীপুরের শ্রীপুরের সত্তরোর্ধ্ব হতদরিদ্র, গৃহহীন, ভূমিহীন খাতুনজান।অতিকষ্টে মানুষের বাড়ির আঙিনায়, বাড়ান্দায় কিন্বা রান্নাঘরে বহুবছর করেছেন জীবনযাপন। মানুষের বাড়িতে কাজ করে তিনসন্তানকে বড় করেছেন। বড় হয়ে দুই সন্তান মা'কে ফেলে যে যার মতো করে সংসার পেতেছে। এখন নেয় না মায়ের খবর।শেষ বয়সে এসে অন্য মানুষের বাড়িতেও কাজ করার শক্তিও নেই খাতুনের। সেই হতদরিদ্র গৃহহীন ভূমিহীন খাতুনকে ঘর উপহার দিলেন স্থানীয় সাংসদ অধ্যাপক ডা রফিকুল ইসলাম বাচ্চু ।
বুধবার(১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামের গৃহহীন খাতুনের হাতে নবনির্মিত বসতঘরের চাবি তুলে দেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম।
ভুক্তভোগী মোছাঃ খাতুন (৭০) উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামের মৃত নছুর উদ্দিনের স্ত্রী। তার দুই ছেলে এক মেয়ে রয়েছে।
ভুক্তভোগী খাতুন বলেন, তার জীবন শুরু হয়েছে কষ্টের মধ্য দিয়ে। মা মারা যা চারবছরের রেখে। এরপর থেকে শুরু হয় জীবনযুদ্ধ। ১৩ বছর বয়সে বিয়ে হয়। তিন সন্তান হলে স্বামী মারা যায়। তখন ছোট্ট কন্যার বয়স ছয়মাস। স্বামীর এক খণ্ড জমিও নেই। খাস জমিতে জরাজীর্ণ ঘরে বসবাস ছিলো। সেটিও এক সময় দখলে নেয় দূর্বৃত্তরা । এরপর থেকে মানুষের বাড়িতে কাজ শুরু করেন। যে বাড়িতে কাজ করতেন সেখানেই থাকতেন। মানুষের বাড়ির বারান্দায়,রান্নাঘরে কাটিয়েছেন বহুবছর। যখন শরীরের শক্তি শেষ হয়ে আসে তখন থেকেই নিজের দুই সন্তান তাকে ফেলে যে যার মতো করে সংসার পাতেন। একমাত্র কন্যাকে বড় করে বিয়ে দেন দিনমজুরের ঘরে। তারও টানাপোড়েনের সংসার। রাস্তায় ঝোপঝাড়ে কাটছিলো খাতুনের জীবন। তিনি আরও জানান, আজ আমি ঘর পেয়ে খুবই খুশি। রোদে বৃষ্টিতে কেটেছে বহুবছর। কোনদিন খাবার জুটেছে। আবার কোনদিন না খেয়ে চলছে জীবনসংগ্রাম। আজ ঘর পাওয়ার কারণে শেষ বয়সে একটু আরামে কাটাতে পারবো।
ঘরের চাবি হস্তান্তর কালে স্থানীয় সাংসদ বলেন, এমন হতদরিদ্র গৃহহীন ভূমিহীন মানুষের জন্য সরকারের পক্ষ সব ধরনের ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় গৃহহীন খাতুনের জন্য নতুন বসতঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। খাতুনের মতো আরও এমন যত মানুষ রয়েছে তাদের জন্যও সরকারের পক্ষ বাসস্থানের ব্যবস্থা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, যুগ্ম আহবায়ক মোসলেম উদ্দিন মৃধা, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফুল হাসান হান্নান, যুগ্ম আহবায়ক মোক্তরুল করিম মোড়ল শামীম, গাজীপুর ইউনিয়ন বিএনপি আহবায়ক এনামুল হক মনি সদস্য সচিব দবির উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম সরকারসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
ভোরের আকাশ/ এনউব