চট্টগ্রামে ৭০ টন সিমেন্ট পাচারের চেষ্টা, আটক ৫

চট্টগ্রামের পতেঙ্গা উপকূল দিয়ে বিপুল পরিমাণ সিমেন্ট মিয়ানমারে পাচারের চেষ্টা নস্যাৎ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় ৭০ টন সিমেন্টসহ পাঁচজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটও।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে পতেঙ্গা থানার কর্ণফুলী চ্যানেলের ১৮ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৭০ টন সিমেন্ট উদ্ধার করা হয়। জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৮০ হাজার টাকা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত কার্গো বোট এবং আটক পাঁচজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ভোরের আকাশ/জেআ