সরই খালে থামছে না বালু উত্তোলন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া এলাকায় সরই খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল হোসেনের বিরুদ্ধে।
স্থানীয়দের দাবি, রাতের আঁধারে ড্রেজার দিয়ে খাল থেকে বালু তোলা হয়। পরে দিনের বেলায় ডাম্পার ট্রাকে বিভিন্ন এলাকায় তা বিক্রি করা হচ্ছে।
সরেজমিনে তিনটি ড্রেজার দিয়ে বালু উত্তোলন এবং পাশে স্তূপ করে রাখা বালু ডাম্পারে পরিবহনের দৃশ্য দেখা যায়। স্থানীয়দের ভাষ্য, শতাধিক গাড়িতে করে
এসব বালু বিভিন্ন স্থানে নেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, ওই এলাকায় সরকারিভাবে কোনো বালুমহাল নেই। এরপরও বালু উত্তোলন বন্ধ হয়নি। প্রশাসনকে ম্যানেজ করে এ কর্মকাণ্ড চলছে বলেও অভিযোগ করেন তারা।
অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, ‘বালু উত্তোলনের সঙ্গে আমি জড়িত নই। কেউ হয়তো ঈর্ষান্বিত হয়ে আমার নাম জড়িয়ে দিচ্ছে।’
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজীদ-বিন-আখন্দ বলেন, অবৈধ বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। এ বিষয়ে উপজেলা প্রশাসনের অভিযান চলছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/ইউএম