সাতক্ষীরায় মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী নিহত

সাতক্ষীরায় মারামারি থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে শহরের প্রাণিসম্পদ অফিসের প্রধান ফটকের পাশে রবিউল ইসলামের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। পরে রাত দেড়টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মুহিদ হাসান বনি নামে এক মাদ্রাসাছাত্রকে আটক করেছে পুলিশ। সে শহরের ইটাগাছা এলাকার ফিরোজউদ্দিনের ছেলে ও শহরের আলিয়া মাদ্রাসার আলিম শ্রেণির ছাত্র।
নিহত জাকারিয়া খান সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার রুচিরা বেকারির মালিক আব্দুল গফুর খানের ছেলে। তিনি সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফল প্রত্যাশী ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল থেকে প্রাণিসম্পদ অফিস মোড়ে যুবদল ও ছাত্রদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা চলছিল। রাত সাড়ে ১১টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে কয়েকজন যুবক রবিউল ইসলামের চায়ের দোকানে সিগারেট কিনতে যান। দোকানদার সিগারেট দিতে অস্বীকৃতি জানালে তারা সেখানে থাকা বাপ্পি হাসানের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন।
একপর্যায়ে বাপ্পি হাসানকে মারধর করা হলে জাকারিয়া তাঁকে রক্ষা করতে এগিয়ে আসেন। এ সময় দুর্বৃত্তরা জাকারিয়াকে ছুরি দিয়ে বুকে ও পেটে আঘাত করে গুরুতর আহত করে বলে অভিযোগ পাওয়া গেছে।
পরে জাকারিয়া ও বাপ্পিকে উদ্ধার করে রাত ১২টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। জাকারিয়ার ফুসফুসে ছুরির আঘাত লাগায় তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়।
কাটিয়া এলাকার ইসমাইল হোসেন জানান, শুক্রবার রাত সোয়া ১০টার দিকে তাঁর ভাইপো জাকারিয়া খান লাবণী মোড়ের রুচিরা বেকারি থেকে বের হয়ে ইটাগাছায় তাঁর মামার দোকানে যান। সেখান থেকে ফেরার পথে প্রাণিসম্পদ অফিসের প্রধান ফটকের পাশে রবিউলের চায়ের দোকানে বাপ্পি হাসানকে মারধরের হাত থেকে রক্ষা করতে গেলে জাকারিয়াকে ছুরিকাঘাত করা হয়।
এ ঘটনায় জাকারিয়ার ভাই শাহারিয়ার খান বাদী হয়ে শনিবার থানায় এজাহার দায়ের করেছেন বলে জানা গেছে।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক মো. শাহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাকারিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শনিবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/জেআ