চট্টগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন কমিশন গঠন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিটের আসন্ন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের লক্ষ্যে চার সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) আন্দরকিল্লায় জেলা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সাংগঠনিক ও নির্বাচনী বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভাটি সঞ্চালনা করেন ইউনিটের সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
সভায় উপস্থিত ছিলেন ইউনিটের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আছিফ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য ডা. মোহাম্মদ সারোয়ার আলম, ডা. তাসলিম চৌধুরী, অ্যাডভোকেট আবু তাহের চৌধুরী, রায়হানুল আনোয়ার রাহী, ডা. ইফতেখার মো. আদনান, ডা. মিনহাজুল আলম, জাহাঙ্গীর আলম বাবর ও কেএম ইমরান এমি। এছাড়া ইউনিট লেভেল অফিসার মো. জিয়াউল হকও সভায় উপস্থিত ছিলেন।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক মো. আজম খান ও মুহাম্মদ রিয়াজুর রহমান চৌধুরী। আর নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে মো. জিয়াউর হককে।
সভায় বক্তারা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ইউনিটের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি একটি সুশৃঙ্খল ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা এবং সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় আসন্ন নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা, ইউনিটের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ভবিষ্যৎ কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
ভোরের আকাশ/সু.পা