সীমান্তে মালিকবিহীন ৪০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় মালিকবিহীন অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।
সোমবার (১৯ মে) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালী বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ থেকে প্রায় ২ দশমিক ৫ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে এবং বিওপি থেকে প্রায় ৩ দশমিক ৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণ দিকে উলুবনিয়া এলাকায় অবস্থান নেয়।
এর কিছুক্ষণ পর টহল দলটি মিয়ানমার দিক থেকে আসা সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখতে পায়। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি সঙ্গে থাকা একটি পোটলা ফেলে দ্রুত দৌড়ে পুনরায় মিয়ানমারের দিকে পালিয়ে যান।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত পোটলা থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী চারটি কাটে রাখা মোট ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে ব্যাপক তল্লাশি চালিয়েও ঘটনাস্থল থেকে আর কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম।
তিনি জানান, পালিয়ে যাওয়া চোরাকারবারিকে শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
ভোরের আকাশ/এনএস