খুলনায় ফের প্রকাশ্যে ছুরিকাঘাত, দুই বন্ধুকে কুপিয়ে জখম

খুলনায় যেন সহিংসতার আতঙ্ক কাটছেই না। এক দিন আগে বিএনপি নেতাকে গুলি করে হত্যার রেশ কাটতে না কাটতেই পরদিন সকালে ফের রক্তাক্ত হলো নগরী। এবার খুলনা মহানগরীর ডিআইজি মাঠ এলাকায় দুই বন্ধুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে প্রকাশ্যে এ হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে খুলনা সদর থানাধীন ডিআইজি মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই তরুণ হলেন পূর্ব বানিয়াখামার এলাকার আনিছুর রহমানের ছেলে মো. ইয়াছিন (১৮) ও আফজাল হোসেনের ছেলে মিনারুল (১৭)। তাঁরা দুজন বন্ধু। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ইয়াছিন ও মিনারুল হেঁটে ডিআইজি মাঠ এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তাঁদের পথ আটকে অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি কোপানো হয়।
হামলায় মিনারুলের দুই পা এবং গলার নিচে বুকের মাঝবরাবর গভীর ক্ষত হয়েছে। অন্যদিকে, ইয়াছিনের ডান হাতের কব্জির কাছে গুরুতর জখম হয়েছে। তাঁদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে মিনারুলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পরপর এমন সহিংস ঘটনায় এলাকায় আতঙ্ক আরও বেড়েছে। নিরাপত্তাহীনতার কারণে আহত দুই তরুণের পরিবারের সদস্যরাও গণমাধ্যমের সামনে কথা বলতে রাজি হননি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়নি। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/ এনউব