খাগড়াছড়িতে প্রাণিসম্পদ বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, দাপ্তরিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং মাঠপর্যায়ে সেবার মানোন্নয়নের লক্ষ্যে খাগড়াছড়িতে জেলা প্রাণিসম্পদ বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় জেলা সদরের জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জুলফিকার আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা প্রাণিসম্পদ বিভাগের আহ্বায়ক রুমেল মারমা।
সভায় জেলার প্রাণিসম্পদ খাতের সার্বিক উন্নয়ন, চলমান কার্যক্রমের অগ্রগতি, দাপ্তরিক সমন্বয় এবং মাঠপর্যায়ে প্রাণিসম্পদ সেবা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন উপজেলা পর্যায়ে চলমান কার্যক্রমের সমস্যা, সম্ভাবনা ও সেবার মানোন্নয়নে করণীয় বিষয়গুলো গুরুত্ব পায়।
সভায় প্রধান অতিথি রুমেল মারমা প্রাণিসম্পদ বিভাগের কার্যক্রমকে আরও জনবান্ধব ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভায় জেলা প্রাণিসম্পদ বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন উপজেলার প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা