প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে একাডেমিক লেখালেখির দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের উদ্যোগে এবং প্রিমিয়ার ইউনিভার্সিটি ইকোনমিস্টস ফোরামের (পিইউইএফ) সহযোগিতায় ‘ডেভেলপিং একাডেমিক রাইটিং স্কিলস:এ প্র্যাকটিক্যাল গাইড ফর আন্ডারগ্র্যাজুয়েট ইকোনমিকস স্টুডেন্টস’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একাডেমিক রাইটিং উচ্চশিক্ষা ও গবেষণার একটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না থেকে নিয়মিত পড়াশোনা, অনুশীলন ও গবেষণার মাধ্যমে নিজেদের লেখার দক্ষতা বৃদ্ধি করতে হবে। বিশেষ করে তথ্যের যথাযথ ব্যবহার, মৌলিক চিন্তাভাবনা এবং প্লেজিয়ারিজম পরিহারের বিষয়ে সচেতন থাকতে হবে। এ ধরনের ওয়ার্কশপ শিক্ষার্থীদের জ্ঞান, সৃজনশীলতা ও গবেষণামুখী মানসিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ওয়ার্কশপের রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর ফারিয়া হোসাইন বর্ষা। তিনি শিক্ষার্থীদের একাডেমিক রাইটিংয়ের মৌলিক বিষয়, অ্যাসাইনমেন্ট ও রিসার্চ পেপারের কাঠামো প্রণয়ন, রেফারেন্স ব্যবহারের নিয়ম, প্লেজিয়ারিজম পরিহার এবং মানসম্মত ও কার্যকর একাডেমিক রাইটিং তৈরির বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
ওয়ার্কশপে অর্থনীতি বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের এসিস্ট্যান্ট ডিন ফারজানা ইয়াসমিন চৌধুরী এবং অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ইন-চার্জ ড. অর্পিতা দত্ত। এ ছাড়া উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক বিদ্যুৎ কান্তি নাথ, উম্মে সালমা, সুদীপ দে এবং ইফতেখার মিয়া।
ওয়ার্কশপে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা একাডেমিক রাইটিংয়ের বিভিন্ন বাস্তবভিত্তিক দিক সম্পর্কে ধারণা লাভ করেন এবং নিজেদের লেখার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা পান।
ওয়ার্কশপটি শিক্ষার্থীদের একাডেমিক রাইটিংয়ের দক্ষতা বৃদ্ধি, রিসার্চের প্রতি আগ্রহ সৃষ্টি এবং ভবিষ্যৎ উচ্চশিক্ষা ও প্রফেশনাল জীবনে আরও দক্ষ ও আত্মবিশ্বাসী হয়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়। অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষার্থীরা নিজেদের চিন্তা, গবেষণা ও সৃজনশীলতাকে আরও সুস্পষ্ট, তথ্যনির্ভর ও কার্যকরভাবে উপস্থাপন করতে সক্ষম হবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।
ভোরের আকাশ/ এনউব