বাসাইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, যুবকের ৬ মাসের কারাদণ্ড

টাঙ্গাইলের বাসাইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও স্পর্শের চেষ্টা করার অভিযোগে নিহাদ (২১) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত নিহাদ বাসাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া এলাকার আমীর হোসেনের ছেলে।
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রোববার সকালে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিল। পথে স্থানীয় সালাউদ্দিনের মুদি দোকান অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে মোটরসাইকেলে এসে নিহাদ তাঁদের উত্ত্যক্ত ও স্পর্শের চেষ্টা করেন।
অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহাদকে আটক করে। পরে তাঁকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
আদালত সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহাদ স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার কথা স্বীকার করেন। পরে আদালত তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন। দণ্ডাদেশের পর তাঁকে পুলিশি হেফাজতে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ বলেন, নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/জেআ