ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ নিহত তিন

ময়মনসিংহে ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ তিন যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
সোমবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাক ডিপোর সামনে, ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নগরীর জুবিলী ঘাট এলাকার দেবরাজ ঘোষ (৩৫), তারাকান্দা উপজেলার দাদরা এলাকার শীলা আক্তার (২৫) এবং শম্ভুগঞ্জ মাঝিপাড়া এলাকার আবেদা সুলতানা (৩৫)।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, ব্যাটারিচালিত অটোরিকশাটি শম্ভুগঞ্জ থেকে সাহেব কাচারীর দিকে যাচ্ছিল। এ সময় পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাক ডিপো থেকে একটি ট্রাক সড়কে ওঠার সময় অটোরিকশাটির সঙ্গে সংঘর্ষ হয়।
সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দেবরাজ ঘোষ নিহত হন। গুরুতর আহত হন অটোরিকশার চালকসহ আরও তিন নারী।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শীলা আক্তার ও আবেদা সুলতানাকে মৃত ঘোষণা করেন। আহত এক নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অটোরিকশার চালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং হাসপাতালে নিহত দুই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ভোরের আকাশ/জেআ