১৯৭৫ সালে সিপাহী জনতার বিপ্লব দেশকে নতুন করে স্বাধীনতা এনে দিয়েছেন : এমপি শাহজাহান চৌধুরী

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদের প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি বলেছেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হলেও শেখ মুজিব বাকশাল কায়েম করে গণতন্ত্রের কবর রচনা করেছিলেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশে নতুন বিপ্লবের সূচনা হয়। এ বিপ্লবের মাধ্যমে দেশে প্রকৃত গণতন্ত্র ফিরে আসে এবং দেশ নতুন করে স্বাধীনতা লাভ করে।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে সাতকানিয়ার কেরানীহাটের সী-ওয়ার্ল্ড রিসোর্টের হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নবনির্বাচিত আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক।
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, জেলা কর্মপরিষদ সদস্য নুরুল হক ও ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, চন্দনাইশ উপজেলা জামায়াতের আমীর কুতুব উদ্দিন, কেরানীহাট শহর শাখার আমীর মুহাম্মদ নাছির উদ্দিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
সরকারের উদ্দেশে শাহজাহান চৌধুরী বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। কিন্তু গণভোটের রায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। এর মাশুল একদিন সরকারকে দিতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ গঠনের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের আমির জনাব আনোয়ারুল আলম চৌধুরী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের কল্যাণে কাজ করবে এটাই প্রত্যাশা। কিন্তু ক্ষমতার লোভে সরকার জনগণের ওপর জুলুম-নির্যাতন চালালে গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদের ক্ষমতাচ্যুত হতে হয়। জনগণের এই অভ্যুত্থান সরকারকে সঠিক পথে দেশ পরিচালনায় বাধ্য করে।
ভোরের আকাশ/ইউএম