সিরাজগঞ্জে বালুবাহী ট্রাকচাপায় ভ্যান চালক নিহত

সিরাজগঞ্জের কাজীপুরে বালুবাহী ট্রাকচাপায় বাদশা সরকার (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) সকালে কাজীপুর উপজেলার পাটাগ্রাম রোডে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, নিহত বাদশা সরকারের স্ত্রী ও এক শিশুসহ তিনজন। নিহত বাদশা সরকার কাজীপুর উপজেলার শুভগাছা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাজীপুরের মেঘাই থেকে ছেড়ে আসা রায়গঞ্জগামী বালুবোঝাই একটি ট্রাক পাটাগ্রাম রোডের আরআইএম ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বিপরীত দিক থেকে আসা দুটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক বাদশা সরকার ট্রাকের নিচে আটকা পড়ে যান। পরে কাজীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে ট্রাকের নিচ থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করেন।
এ ঘটনায় আহতদের উদ্ধার করে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
ভোরের আকাশ/এনউব