সিংগাইরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত : শিক্ষার্থীদের প্রশিক্ষণ

‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, হাত ধোয়ার প্রদর্শনী ও শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে হাত ধোয়ার প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের সঠিক নিয়মে সাবান দিয়ে হাত পরিষ্কারের পদ্ধতি শেখানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার পপি। তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা সুস্থ জীবনের অন্যতম শর্ত। হাতের মাধ্যমে বিভিন্ন রোগের জীবাণু ছড়িয়ে পড়তে পারে। তাই খাবার খাওয়ার আগে ও খাবার তৈরির আগে, শৌচাগার ব্যবহারের পর এবং কাশি-হাঁচির পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. নেওয়াজ শরীফ বলেন, শুধু পানি দিয়ে হাত ধোয়ার তুলনায় সাবান ও পানি দিয়ে হাত পরিষ্কার করলে জীবাণু দূর করতে বেশি কার্যকর হয়। হাতের তালু, হাতের পিঠ, আঙুলের ফাঁক ও নখের আশপাশ ভালোভাবে ঘষে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, বিশ্ব হাত ধোয়া দিবসের মূল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা। এ অভ্যাস ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি পরিবার ও সমাজের মানুষকে বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ইব্রাহীম হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. রওশন আলী মণ্ডল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নলকূপ মেকানিক মাহফুজুর রহমান ও লিপু হোসেনসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা