আধুনিকতার ভিড়ে ঐতিহ্যের আলো : তালপাতায় শিশুদের হাতেখড়ি

আধুনিক শিক্ষার নানা উপকরণ আর প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে পাঠদানের চিরচেনা দৃশ্য। হারিয়ে যেতে বসেছে তালপাতায় অক্ষর লেখার সেই প্রাচীন রীতি। কিন্তু সময়ের স্রোতে গা না ভাসিয়ে আজও ঐতিহ্যের সেই পাঠ ধরে রেখেছে বাগেরহাটের চিতলমারী উপজেলার ডুমুরিয়া দক্ষিণপাড়ার ‘শিশু শিক্ষা নিকেতন’।
বাঁশের কঞ্চির কলম, দোয়াতের কালি আর তালপাতার বুকে অক্ষর আঁকার মধ্য দিয়ে এখানে শিশুদের হাতেখড়ি হচ্ছে। দেড় যুগেরও বেশি সময় ধরে নিভৃতে জ্বালিয়ে রাখা হয়েছে বাংলার প্রাচীন শিক্ষাধারার এই প্রদীপ।
২০০৫ সালে প্রতিষ্ঠিত এ পাঠশালায় আশপাশের পাঁচ গ্রামের প্রায় ৫০ শিশু লেখাপড়া করছে। ৭৫ বছর বয়সী শিক্ষক পণ্ডিত কালিপদ বাছাড় পরম মমতায় শিশুদের শেখাচ্ছেন স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, বানান, যুক্তাক্ষর, নামতা ও নৈতিক শিক্ষা। আধুনিক শিক্ষা উপকরণের পাশাপাশি প্রাচীন পদ্ধতির এমন ব্যতিক্রমী পাঠদান দেখতে প্রতিদিনই আগ্রহ নিয়ে ছুটে আসেন অভিভাবকেরা।
শিশুদের কাছে তালপাতা যেন এক অন্য রকম শিক্ষার জগৎ। কাগজ-কলমের বদলে তালপাতায় বাঁশের কঞ্চির কলম দিয়ে অক্ষর লেখার অভিজ্ঞতা তাদের কাছে যেমন আনন্দের, তেমনি শেকড়ের সঙ্গে পরিচিত হওয়ারও এক অনন্য সুযোগ।
অভিভাবকদের মতে, তালপাতায় লেখার চর্চা শিশুদের হাতের লেখা সুন্দর করতে সহায়তা করে। একই সঙ্গে ছোটবেলা থেকেই তারা জানতে পারছে বাংলার নিজস্ব সংস্কৃতি ও শিক্ষা-ঐতিহ্যের কথা। তাই আধুনিক শিক্ষার পাশাপাশি সন্তানদের এ পাঠশালায় পাঠাচ্ছেন অনেক অভিভাবক।
তবে ঐতিহ্যের এই পাঠশালার পথচলা নির্বিঘ্ন নয়। নানা সীমাবদ্ধতা নিয়ে চলছে প্রতিষ্ঠানটি। পাঠশালার সামনের জমিতে পানি জমে থাকায় বর্ষা মৌসুমে শিশুদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। রয়েছে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থার অভাবও। দীর্ঘদিন ধরে এসব সমস্যা থাকলেও এখনো মেলেনি স্থায়ী সমাধান। ফলে ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি ন্যূনতম শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাও এখন বড় চ্যালেঞ্জ।
পাঠশালার শিক্ষক পণ্ডিত কালিপদ বাছাড় বলেন, পুরোনো ঐতিহ্য অনুসরণ করে শিশুদের তালপাতায় লেখাপড়া শেখাই। তালপাতায় অক্ষর চর্চা করলে হাতের লেখা সুন্দর হয়। এখান থেকেই শিশুরা প্রাথমিক অক্ষরজ্ঞান লাভ করে।
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, পাঠশালাটিতে পুরোনো আমলের তালপাতার শিক্ষাব্যবস্থা এখনো চালু রয়েছে। এটি আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রেখেছে। জলাবদ্ধতা ও স্যানিটেশনসহ পাঠশালার সমস্যাগুলো সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে।
প্রযুক্তিনির্ভর আধুনিকতার এই সময়ে চিতলমারীর শিশু শিক্ষা নিকেতন কেবল একটি পাঠশালা নয়, এটি গ্রামবাংলার হারিয়ে যেতে বসা শিক্ষা-সংস্কৃতির জীবন্ত স্মারক। এখানে তালপাতার বুকে ফুটে ওঠা প্রতিটি অক্ষর যেন নতুন প্রজন্মকে মনে করিয়ে দেয় শেকড়ের কথা।
প্রয়োজনীয় অবকাঠামো, সুপেয় পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও সরকারি-বেসরকারি সহযোগিতা নিশ্চিত করা গেলে এই ঐতিহ্যের পাঠশালা হয়ে উঠতে পারে দেশের প্রাচীন শিক্ষাচর্চা সংরক্ষণের একটি অনুকরণীয় দৃষ্টান্ত। তালপাতায় লেখা সেই প্রথম অক্ষর যেন হারিয়ে না যায় সময়ের পাতায়—এটাই এখন প্রত্যাশা।
ভোরের আকাশ/সু.পা