শিবগঞ্জে আটমূল সালাফীয়া মাদরাসায় ইসলামী জালসা অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল সালাফীয়া মাদরাসার উদ্যোগে ২৯তম বার্ষিক ইসলামী জালসা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) আটমূল হাইস্কুল মাঠে দিনব্যাপী এ ইসলামী জালসা অনুষ্ঠিত হয়। জালসায় দেশের ইসলামী শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও সমাজ গঠনে ইসলামের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা, বিএনপি নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জালসায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি ও শিবগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী খালিদ হাসান আরমান।
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুনুর রশিদ, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, আটমূল ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আবু জাকের মাকু, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান দুলু, তৌহিদুল ইসলাম ঠান্ডা, আটমূল ইউনিয়ন যুবদলের সভাপতি খোরশেদ আলম কাজল, ইমরানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা ইসলামের সঠিক শিক্ষা ও আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নৈতিকতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এ ধরনের ইসলামী জালসা ধর্মীয় জ্ঞান অর্জন ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে তারা উল্লেখ করেন।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ভোরের আকাশ/আ.র