চিকিৎসক সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের

দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সেবা কার্যক্রম আরও ত্বরান্বিত, জনবল সংকট দূরীকরণ ও অবকাঠামোগত সমস্যা সমাধানের লক্ষ্যে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) দুপুর ১২টায় হাসপাতালের শহীদ ডা. আব্দুল জব্বার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
সভায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ডা. মো. সিরাজুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। এ সময় তিনি হাসপাতালের সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রম, সেবাগ্রহীতার সংখ্যা ও ইউজার ফি আদায়ের বিবরণ তুলে ধরেন।
তিনি জানান, হাসপাতালে চিকিৎসকের ৮৭টি পদ অনুমোদিত থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ৩৮ জন। দীর্ঘদিন ধরে চিকিৎসক ও অন্যান্য জনবল সংকট থাকায় ২৫০ শয্যার অনুমোদন থাকা সত্ত্বেও রোগীদের প্রয়োজনীয় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, “দিনাজপুর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় প্রতিদিন হাজারো মানুষ এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। রোগীদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে চিকিৎসক ও জনবল সংকট কাটাতে দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন ও ডিও লেটার পাঠানো হবে।”
তিনি হাসপাতালের আইসিইউ ভবন চালু, আধুনিক স্টোর কমপ্লেক্স নির্মাণ, ডায়াথার্মি ও আল্ট্রাসনোগ্রাম মেশিনের ব্যবস্থা এবং নতুন অ্যাম্বুলেন্স সংগ্রহের বিষয়ে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
সভায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি তিনজন কো-অপ্ট সদস্য হিসেবে ডা. মোহাম্মদ জিয়াউল হক, ডা. রশীদ ও মো. নূর আলম এবং কাজী মামুনূর রশীদ (কচি)-এর নাম ঘোষণা করেন।
সভায় আরও জানানো হয়, ২০২৪-২০২৫ অর্থবছরের তুলনায় ২০২৫-২০২৬ অর্থবছরে হাসপাতালের আয় ও সেবাগ্রহীতার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরে হাসপাতালের মোট আয় ছিল ৯৯ লাখ ২৮ হাজার ৩৪০ টাকা এবং সেবাগ্রহীতার সংখ্যা ছিল ২ লাখ ৭৯ হাজার ৩৯১ জন। ২০২৫-২০২৬ অর্থবছরে আয় বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৫৩ লাখ ১৪ হাজার ১৫৬ টাকা এবং মোট সেবাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৫৭ হাজার ১৩৯ জনে।
সভায় হাসপাতালের জমি দখলমুক্ত করা, অবৈধ দোকানপাট উচ্ছেদ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। এ সময় জেলা প্রশাসনের প্রতিনিধি হাসপাতাল পরিচালনায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম, সিভিল সার্জন ডা. গোলাম রসুল রাখি, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, চেম্বার অব কমার্সের পরিচালক মোস্তফা কামাল মিলন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মইনুদ্দিন মন্ডল বকুলসহ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্য।
ভোরের আকাশ/জেআ