পাহাড় কাটতে গিয়ে শ্রমিক নিহত, ঘটনার পর প্রশাসনের তৎপরতা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রহমতপুর এলাকায় পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে সেলিম নামে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, রহমতপুর এলাকায় পাহাড় কাটার সময় হঠাৎ মাটি ধসে সেলিম চাপা পড়েন। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি এলাকার বাসিন্দা জিয়াবুল হকের ছেলে মোহাম্মদ নিজাম উদ্দিনের নেতৃত্বে রহমতপুর এলাকায় দীর্ঘদিন ধরে পাহাড় কাটার কার্যক্রম চলছে। তাদের দাবি, প্রভাবশালী হওয়ায় এলাকায় পাহাড় কাটার বিষয়ে প্রকাশ্যে কেউ প্রতিবাদ করার সাহস পান না।
স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, নিজাম কারণে আজ তার মেয়ের এসএসসি পরীক্ষা দেবে সেই স্বপ্ন দেখে যেতে পারেন নাই অবৈধভাবে পাহাড় কাঁটায় আজ সেলিমের মৃত্যু হয়েছে।
তাদের প্রশ্ন, একজন শ্রমিক নিহত হওয়ার পরই কেন প্রশাসনের তৎপরতা বাড়বে।নিয়মিত পাহাড় কাটার অভিযোগ থাকলেও আগে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি কেন—এ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা।
তাদের আরও অভিযোগ করেন, প্রভাবশালী মহলের কারণে রহমতপুর এলাকায় নিয়মিত পাহাড় কাটার কার্যক্রম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি নেই। তবে এসব অভিযোগের বিষয়ে মোহাম্মদ নিজাম উদ্দিনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, পাহাড় কাটার সময় এক শ্রমিক নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এ ঘটনায় পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। যার নেতৃত্বে এ ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, শুধু দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন নয়, রহমতপুর এলাকায় পাহাড় কাটার অভিযোগগুলো তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে পাহাড় কাটা বন্ধে নিয়মিত অভিযান ও নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন তারা।
ভোরের আকাশ/আ.র