আশুলিয়ায় পুকুরের বর্জ্য পানি ছাড়ার অভিযোগ : ভোগান্তিতে স্থানীয়রা

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি শাখা সড়কের নিচ দিয়ে মাটি কেটে সুরঙ্গ তৈরি করে পুকুরের ময়লা পানি ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে বর্জ্যযুক্ত পানি আশপাশের বাসাবাড়িতে ঢুকে পড়ায় পোশাকশ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভোগান্তিতে পড়েছেন। দীর্ঘসময় ময়লা পানি জমে থাকায় স্বাস্থ্যঝুঁকি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকায় একটি সড়কের নিচ দিয়ে মাটি কেটে সুরঙ্গ তৈরি করা হয়েছে। ওই সুরঙ্গের মাধ্যমে দরগার পাড় এলাকার একটি পুকুরের পানি ছেড়ে দেওয়া হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, পুকুরের পানির সঙ্গে বিভিন্ন কারখানার বর্জ্য মিশে থাকায় দুর্গন্ধযুক্ত ময়লা পানি আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে। এমনকি পানি ঢুকে পড়ছে অনেক বাসাবাড়িতেও।
এতে সড়কে চলাচলকারী পথচারী ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে কর্মস্থলে যাতায়াতকারী পোশাকশ্রমিকদের ভোগান্তি বেড়েছে। দীর্ঘসময় বর্জ্য পানি জমে থাকায় চুলকানি, ত্বকের বিভিন্ন সমস্যা ও পানিবাহিত রোগের ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, সড়কের নিচ থেকে মাটি সরিয়ে পানি প্রবাহিত করায় সড়কটির স্থায়িত্ব নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। ভারী যানবাহন চলাচলের সময় সড়কের কোনো অংশ ধসে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।
স্থানীয়দের দাবি, ইয়ারপুর ইউনিয়নের নেতা হিসেবে পরিচিত দেলোয়ার মীরের নেতৃত্বে তার লোকজন সড়কের নিচ দিয়ে সুরঙ্গ তৈরি করে পুকুরের পানি ছেড়ে দিয়েছেন। তবে এ অভিযোগের বিষয়ে দেলোয়ার মীরের বক্তব্য জানতে ঘটনাস্থলে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য না দিয়ে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
অভিযোগের বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখে কারা এর সঙ্গে জড়িত তা শনাক্ত করা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা দ্রুত বর্জ্য পানি অপসারণের পাশাপাশি সড়কের নিচ দিয়ে তৈরি করা সুরঙ্গ বন্ধ করে সড়কটি নিরাপদ করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।
ভোরের আকাশ/সু.পা