গোবিন্দগঞ্জে জামায়াত নেতার গলাকাটা লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিল থেকে নজরুল ইসলাম (৩৪) নামে এক জামায়াত নেতার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তিনি স্থানীয়ভাবে বিকাশ ব্যবসায়ী ছিলেন।
রবিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রামের বাগুরার বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত নজরুল ইসলাম উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামের মৃত তোফাজ্জল ইসলামের ছেলে। তিনি ওই ইউনিয়নের শীতলগ্রাম ওয়ার্ড জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠনের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছিলেন।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল ইসলাম শীতল গ্রাম বাজারে একটি মনোহারী দোকানের পাশাপাশি বিকাশের ব্যবসা করতেন। তিনি মাঝে মধ্যই দোকানেই রাত কাটাতেন। এরই ধারাবাহিকতায় পরিবারের লোকজন মনে করেন শনিবার রাতেও দোকানদারি শেষ করে তিনি দোকানেই ঘুমিয়েছেন। একপর্যায়ে আজ রবিবার সকালে বিলের ধারে রাস্তার পাশে এক ব্যক্তির গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের নাকাই ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম বলেন, নজরুল ইসলাম একজন ব্যবসায়ী ও সংগঠনের নিবেদিত কর্মী ছিলেন। তিনি এ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান। সেইসাথে নজরুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে দাবি জানান তিনি।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভোরের আকাশ/মো.আ.