জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলা নিয়ে লোহাগাড়ায় প্রশাসন-সাংবাদিক মতবিনিময়

চট্টগ্রামের লোহাগাড়ায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সাম্প্রতিক বিভিন্ন বিষয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনদুর্ভোগ এবং আসন্ন বিভিন্ন ক্রীড়া আয়োজন নিয়ে আলোচনা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদন বিন আখন্দ। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আসন্ন প্রধানমন্ত্রী গোল্ডকাপ, নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ এবং সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ লোহাগাড়ার সার্বিক বিষয় নিয়ে স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অন্যান্য গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ের জন্য এ সভার আয়োজন করা হয়।
সভায় জনদুর্ভোগ, সড়ক দখল করে বাজার বসানো, রাস্তার পাশে ময়লার ভাগাড়, কিশোর গংয়ের দৌরাত্ম্য এবং সাম্প্রতিক চুরি-ডাকাতিসহ বিভিন্ন বিষয়ে গণমাধ্যমকর্মীরা প্রশ্ন করেন। এসব বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। সভায় লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিকুল ইসলাম এবং লোহাগাড়া থানার ওসি (তদন্ত) প্রশান্ত কুমার মৌমিক উপস্থিত ছিলেন। এ সময় ইউএনও মো. বায়েজীদন বিন আখন্দ উপজেলার বিভিন্ন সাম্প্রতিক বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনা করেন।
স্থানীয় পর্যায়ে সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন এবং প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার বিষয়েও মতবিনিময় হয়। সভায় লোহাগাড়ায় কর্মরত স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অন্যান্য গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
ভোরের আকাশ/ এনউব