নওগাঁয় আউশ ধানের দাম কম, হতাশ কৃষক

নওগাঁয় আউশ ধানের বাজারদর কমে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন কৃষকরা। উৎপাদন খরচের তুলনায় ধানের দাম কম হওয়ায় লোকসানের আশঙ্কা করছেন তারা। কৃষকদের অভিযোগ, জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরিসহ আউশ ধান উৎপাদনে খরচ বেড়েছে। কিন্তু বাজারে ধানের প্রত্যাশিত দাম না থাকায় উৎপাদন খরচই উঠছে না। ফলে ধান নিয়ে বাজারে এসে অনেক কৃষককে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের টিটিহারী গ্রামের আউশ চাষি মো. সোহরাব হোসেন বলেন, “এবার আমি ৮ বিঘা জমিতে আউশ ধান চাষ করেছি। ধান রোপণ থেকে শুরু করে কাটা ও মাড়াই পর্যন্ত অনেক টাকা খরচ হয়েছে। কিন্তু ধানের বর্তমান বাজারদরে লোকসান গুনতে হচ্ছে।”
একই অভিযোগ করেছেন জেলার মহাদেবপুর উপজেলার কৃষক আব্দুল মতিন, পত্নীতলা উপজেলার কৃষক কামাল হোসেন ও নিয়ামতপুর উপজেলার কৃষক কামরুল ইসলামসহ আরও অনেক কৃষক। তাদের দাবি, উৎপাদন খরচ বিবেচনা করে আউশ ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে।
কৃষকরা আউশ ধানের ন্যায্য দাম নিশ্চিত করতে সরকারি উদ্যোগ গ্রহণ এবং বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন।
নওগাঁ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মনজুর রহমন বলেন “এবার জেলায় ৮৪ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হয়েছে। ফলনও ভালো হয়েছে। তবে বাজারদর নিম্নমুখী হওয়ায় কৃষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।”
ভোরের আকাশ/সু.পা