টাঙ্গাইলে অরক্ষিত বিদ্যুৎ খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ গরুর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে অরক্ষিত বিদ্যুৎ লাইনের বাঁশের খুঁটির সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া-ভেংলা গ্রামের চকে অরক্ষিত বিদ্যুৎ লাইনের বাঁশের খুঁটির সংস্পর্শে এসে পাঁচটি গরুর মৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয়রা জানা যায়, ভেঙে যাওয়া কাঠের খুঁটির পরিবর্তে স্থাপিত ঝুঁকিপূর্ণ বাঁশের খুঁটিতে বিদ্যুৎ প্রবাহিত হলে মাঠে ঘাস খেতে যাওয়া গরুগুলো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। স্থানীয়দের সতর্কতায় আরও কয়েকটি গরু রক্ষা পায়।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ খুঁটি অপসারণে কোনো ব্যবস্থা না নেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতিপূরণ দাবি জানিয়েছেন।
কালিহাতী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান সুমন বলেন, খবরটা আমরা জানতে পেরেছি। ঘটনাটি খুবই দুঃখজনক। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম তৌফিক আজম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আমরা বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলবো যাতে করে বিষয়টি দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ করে।
ভোরের আকাশ/ র.ই