জামালপুরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যৌতুকের দাবি করে যৌতুক না পাওয়ায় স্ত্রীকে গলা টিপে হত্যা মামলার ১৩ বছর পর স্বামীকে মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদন্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ( ৯ জুলাই ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন
ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামী হলেন, দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ইউনিয়নের লম্বাপাড়া গ্রামের বাসিন্দা মো. আনোয়ার হোসেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক জানান, ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি আনোয়ার হোসেন তার স্ত্রী ইসমত আরার কাছে ১ লাখ টাকা যৌতুকের দাবি করে এবং ইসমত আরা টাকা দিতে রাজি না হওয়ায় তাকে সেদিন রাতে গলা টিপে হত্যা করে।
পরে সেদিনই নিহত ইসমত আরার বড় ভাই মজনু বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত, সাক্ষ্য-প্রমাণ ও আলামত পর্যালোচনা করে আদালত আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার আসামী আনোয়ার হোসেনের অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদণ্ড এবং ৫ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেয় আদালত।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. ফজলুল হক ও আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট বাকী বিল্লাহ ও মো. নাজমুল ইসলাম।
ভোরের আকাশ/ র.ই