কুষ্টিয়ায় বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে সংবর্ধনা

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দকে সংবর্ধনা দেওয়া হয়েছে। কুষ্টিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে নবনির্বাচিত নেতাদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
রোববার (৩ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার মোল্লাতেঘোড়িয়া এলাকার মাস্টার্স কমিউনিটি সেন্টারে সংগঠনটির কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা শাখার নবনির্বাচিত সভাপতি সুমন হাওলাদার, সাধারণ সম্পাদক ফজলুর রহমান ও সাংগঠনিক সম্পাদক শাহীন আলমকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
কুষ্টিয়া জেলা শাখার সভাপতি সুমন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মোহাম্মদ মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা শাখার সভাপতি মো. শরিফ উদ্দিন, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাতিল মাহমুদ, কোর্ট পুলিশ পরিদর্শক মো. জহুরুল ইসলাম, কুষ্টিয়া জেলার প্রশাসনিক কর্মকর্তা মো. আলাউদ্দিন ও আইন ও বিচার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন।
এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কুষ্টিয়া জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত কমিটির সাফল্য কামনা করেন। পাশাপাশি বিচার বিভাগীয় কর্মচারীদের যৌক্তিক দাবি ও অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ভোরের আকাশ/জেআ