ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে প্রাণ হারালো মা-ছেলেসহ ৪ জন

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দু'টি সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছেন ৷শুক্রবার (৫ জুন) সকালে জেলা সদর ও সরাইল উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
সকালে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় নিহতরা হলেন- অটোরিকশা চালক মাহবুব (৪৫), অটোরিকশা যাত্রী জোসনা বেগম (৪০) ও তার শিশুপুত্র আশরাফুল (৫)। এ ঘটনায় আহত হয়েছেন জোসনার স্বামী কাউসার (৫০) ও তার মেয়ে আদিবা (৪)। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তাদের বাড়ি জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে।
পুলিশ জানায়, সকাল ৯টার দিকে কসবা থেকে সিএনজি অটোরিকশায় করে স্ত্রী-সন্তানদের নিয়ে সরাইল-বিশ্বরোড যাচ্ছিলেন কাউসার। পথিমধ্যে বিয়াল্লিশহর এলাকায় পেছন দিক থেকে একটি মাছভর্তি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় গুরুতর আহত হন অটোরিকশার আরোহীরা। পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে ওই ৩ জনের মৃত্যু হয়।
এদিকে, একই দিন সকালে ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল উপজেলার বাড়িউড়া বাজার এলাকায় প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. অলি মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বরইবাড়ি গ্রামের বাসিন্দা এবং হাজি মোহাম্মদ ইদন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় অলি মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের ভোরের আকাশকে জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক পিকআপ ভ্যানচালক ও সহযোগি পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা যায়নি।
ভোরের আকাশ/ইউএম