দামুড়হুদায় বাল্যবিবাহ বন্ধ করে দুইজনকে জরিমানা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বাল্যবিবাহের আয়োজন করার দায়ে কনের মা ও ছেলে পক্ষের মামাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার রামনগর নতুনপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন আলম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রামনগর নতুনপাড়ার আবুল কালামের স্ত্রী ও কনের মা ময়না খাতুন (৪৫) নিজ বাড়িতে বাল্যবিবাহের আয়োজন করেন। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেয়।
এ ঘটনায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারা অনুযায়ী কনের মা ময়না খাতুন ও ছেলে পক্ষের মামা গোপালপুর গ্রামের গোলাম মস্তফার ছেলে সোহেল রানা (৩৬)-কে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় দামুড়হুদা মডেল থানার দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের এএসআই ইব্রাহিম সঙ্গীয় ফোর্সসহ সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/সু.পা