খুলনা বিশ্ববিদ্যালয়ের ০১ ব্যাচের রজতজয়ন্তী উদযাপন

খুলনা বিশ্ববিদ্যালয়ের ০১ ব্যাচের রজতজয়ন্তী (পঁচিশ বছর পূর্তি) উদযাপন করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) কেইউ-০১ অ্যালামনাই নেটওয়ার্কের আয়োজনে ব্যাচটির প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
রজতজয়ন্তী উপলক্ষে বেলা ১১টায় প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিমের নেতৃত্বে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এর আগে উপাচার্য সমবেত প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসে একটি বৃক্ষরোপণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান ও ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. সালাউদ্দিন। এ সময় আরও বক্তব্য দেন কেইউ-০১ অ্যালামনাই নেটওয়ার্কের সভাপতি মো. মতিউর রহমান ও সাধারণ সম্পাদক সুব্রত গুহ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক ও ০১ ব্যাচের প্রাক্তনী প্রফেসর ড. মো. আশিকুর রহমান এবং সাবরিনা আফতাব।
এর আগে কেইউ-০১ অ্যালামনাই নেটওয়ার্কের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের জন্য উপাচার্যের কাছে উপহারসামগ্রী হস্তান্তর করা হয়। পরে কেক কেটে রজতজয়ন্তী উদযাপন করা হয়।
দিনব্যাপী আয়োজনে ০১ ব্যাচের যেসব শিক্ষার্থী মারা গেছেন, তাঁদের রুহের মাগফিরাত কামনায় বাদ জুমা মিলাদ মাহফিল, বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় সুন্দরবনের উদ্দেশে যাত্রার কর্মসূচি রয়েছে।
ভোরের আকাশ/জেআ