ভোলায় মাইক্রোবাস থেকে ৩০ কেজি গাঁজাসহ আটক ১

ভোলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস থেকে ৩০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (৯ আগস্ট) বিকেলে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের সোনাডুগীসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি মো. আবুল কালাম আজাদ মাঝি (৫০)। তিনি পটুয়াখালী সদর উপজেলার বানঘাটা গ্রামের বাসিন্দা।
শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে সন্দেহভাজন একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদকসহ আবুল কালাম আজাদ মাঝিকে আটক করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ভোরের আকাশ/এনএ