সিএনজি থেকে অচেতন যুবককে ফেলে পালাল দুর্বৃত্তরা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া বাজারে চলন্ত সিএনজি অটোরিকশা থেকে অচেতন অবস্থায় এক অজ্ঞাত যুবককে ফেলে রেখে কয়েকজন পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বুধবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে পদুয়া বাজারের সেভেনস্টার শপিং কমপ্লেক্সের সামনে চলন্ত একটি সিএনজি অটোরিকশা থেকে অচেতন যুবককে ফেলে দিয়ে কয়েকজন দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ভর্তি করার পর থেকে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তবে এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের ধারণা, যুবকটি আমিরাবাদ এলাকা থেকে সিএনজিতে পদুয়া অথবা কেরানীহাটের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। পথে তিনি প্রতারণার শিকার হয়ে অচেতন হয়ে পড়তে পারেন বলে ধারণা করছেন তারা।
স্থানীয়দের কেউ কেউ ঘটনাটিকে মলমপার্টির সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করছেন। তবে এ বিষয়ে এখনো কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে কারা জড়িত, কীভাবে ওই যুবক অচেতন হয়েছেন এবং তাকে সিএনজি থেকে কেন ফেলে যাওয়া হয়েছে—এসব বিষয়ও নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ভোরের আকাশ/সু.পা