খেলাধুলা হতে পারে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ারের অংশ: আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও রেলওয়ে পাবলিক হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আবু সুফিয়ান বলেছেন, শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশে একাডেমিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের চর্চা অত্যন্ত জরুরি। খেলাধুলাকে এখন আর শুধু অবসর বিনোদনের মাধ্যম হিসেবে দেখলে চলবে না। প্রতিভা ও দক্ষতা থাকলে খেলাধুলার মাধ্যমেও ভবিষ্যতে সফল ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর রেলওয়ে পাবলিক হাই স্কুলের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন আবু সুফিয়ান।
তিনি বলেন, দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর ফলে শিশু-কিশোররা ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহী হওয়ার পাশাপাশি নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে যারা খেলাধুলায় দক্ষতা অর্জন করবে, তারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পারে। পাশাপাশি ক্রীড়াক্ষেত্রকে পেশা হিসেবে বেছে নিয়ে নিজেদের কর্মজীবনও গড়ে তোলার সুযোগ রয়েছে।
শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে আবু সুফিয়ান বলেন, প্রয়োজনের অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার শিক্ষার্থীদের পড়াশোনা, মনোযোগ ও মানসিক বিকাশে বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই প্রযুক্তিকে এড়িয়ে নয়, বরং প্রয়োজন অনুযায়ী সঠিকভাবে কাজে লাগাতে হবে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্যতা বিকশিত করতে হবে।
তিনি আরও বলেন, সুস্থ, দক্ষ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে বিদ্যালয় পর্যায় থেকেই খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ করা প্রয়োজন। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি কীভাবে সময় কাটাচ্ছে, সে বিষয়ে অভিভাবক ও শিক্ষকদের নিয়মিত খেয়াল রাখতে হবে।
অনুষ্ঠান শেষে রেলওয়ে পাবলিক হাই স্কুলের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেন সংসদ সদস্য আবু সুফিয়ান।
ভোরের আকাশ/জেআ