জামালপুরে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

আগামী ২৩ আগস্ট জামালপুরে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। জেলার আটটি দলকে নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে জামালপুর সদর উপজেলা ও মাদারগঞ্জ উপজেলা। বুধবার (১৯ আগস্ট) দুপুরে জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা ক্রীড়া সংস্থার মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান।
জামালপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এ টুর্নামেন্টের আয়োজন করছে। সংবাদ সম্মেলনে খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান জানান, আগামী ২৩ আগস্ট দুপুরে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। উদ্বোধনী ম্যাচে জামালপুর সদর উপজেলা ও মাদারগঞ্জ উপজেলা দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
টুর্নামেন্টে জামালপুর সদর, মাদারগঞ্জ, মেলান্দহ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলা এবং জামালপুর পৌরসভাসহ মোট আটটি দল অংশ নেবে। তবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লোকমান আহম্মেদ খান লোটন, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান সরোয়ার মনজুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা