বিচার বিভাগের সক্ষমতা বাড়াতে নতুন উদ্যোগের ঘোষণা আইনমন্ত্রীর

দেশে নিরপেক্ষ আইনের শাসন প্রতিষ্ঠা এবং কার্যকর বিচারব্যবস্থা গড়ে তুলতে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি। তিনি বলেন, বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় আদালতের সক্ষমতা বৃদ্ধি, বিচারিক স্বচ্ছতা এবং দ্রুত বিচার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (১৯ জুলাই) বিকেলে মাগুরা জেলা আইনজীবী সমিতির হলরুমে আয়োজিত মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, গত ১৬ বছরে দেশের আইনের শাসন ও বিচারব্যবস্থা নানা চ্যালেঞ্জের মুখে পড়েছিল। বর্তমান সরকার একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি জানান, বর্তমানে দেশে প্রায় ৪৫ লাখের বেশি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার দ্রুত ও সুষ্ঠু নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় সংস্কার ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে বিচারসেবার মান উন্নয়নে দেশের প্রায় ৮০ হাজার আইনজীবীকে পর্যায়ক্রমে প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী বলেন, “দক্ষ, দায়িত্বশীল ও পেশাদার আইনজীবীরাই বিচারব্যবস্থার অন্যতম শক্তি। তাদের দক্ষতা বৃদ্ধি বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ।
এ সময় বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহেদ হাসান টগর, অ্যাডভোকেট আহমেদ হোসেন, অ্যাডভোকেট আব্দুল মজিদ, অ্যাডভোকেট রোকনুজ্জামান খান ও অ্যাডভোকেট তানজিরা রহমান।
অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী সদর উপজেলা পরিষদের উদ্যোগে মাগুরা জেলা অডিটোরিয়ামে গরিব, দুস্থ, অসচ্ছল ও প্রতিবন্ধী মানুষের মধ্যে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করেন।
ভোরের আকাশ/জেআ