কুড়িগ্রামে নিখোঁজের পর নালা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর একটি নালা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (৫ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার বড়ভিটা ও ভাঙ্গামোড় ইউনিয়নের সীমান্তবর্তী খড়িবাড়ি এলাকার কুচনি নালা থেকে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করেন।নিহতরা হলো ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামের নূর হোসেনের মেয়ে মোছা. লুচি খাতুন (৮) এবং বড়ভিটা ইউনিয়নের নওদাবস গ্রামের আনিছুর রহমানের মেয়ে মোছা. আম্বিয়া খাতুন (৭)। তারা দুজনই রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার স্কুল ছুটি শেষে বাড়ি ফিরে বিকেলে খেলতে বের হয় দুই শিশু। সন্ধ্যা পর্যন্ত তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় অনুসন্ধানের পরও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে রাত ৮টার দিকে স্থানীয় কয়েকজন বাড়ির পাশের খড়িবাড়ি এলাকার কুচনি নালায় দুই শিশুর মরদেহ ভাসতে দেখে পরিবার ও এলাকাবাসীকে খবর দেন। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মমিনুল ইসলাম বলেন, পরিবারের সদস্যদের অজান্তেই শিশু দুটি খেলতে বের হয়েছিল। পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বাড়ির পাশের কুচনি নালা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। বিষয়টি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/এম