গাইবান্ধায় দলিল লেখকদের বিক্ষোভ

আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করাসহ সাত দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন দলিল লেখকরা। এ সময় বিভিন্ন স্লোগানে ক্ষোভ প্রকাশ করেন তারা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা রেজিস্ট্রার কার্যালয় চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দলিল লেখক সমিতি, গাইবান্ধা জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহ-সভাপতি ইমান আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন সমিতির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মল্লিক।
সদর উপজেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক জাহাঙ্গীর আলম মন্ডলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা দলিল লেখক সমিতির নেতারা।
বক্তারা বলেন, আধুনিকায়নের নামে দলিল লেখকদের দীর্ঘদিনের পেশা থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হলে হাজারো দলিল লেখক ও তাদের পরিবারের জীবিকা হুমকির মুখে পড়বে। তাই দলিল লেখকদের পেশা সুরক্ষাসহ সাত দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তারা।
সমাবেশে জেলা দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম মিথেন, আব্দুল করিম সরকার, আব্দুল কাফি, রাজু আহমেদ, রেজাউল করিম, মাসুদ সরকার, আমিনুল ইসলাম ও মনছুর আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের দলিল লেখকরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাচারি বাজার এলাকায় গাইবান্ধা প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আবারও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মল্লিক।
ভোরের আকাশ/ এনউব