পিএইচডি গবেষণায় রাবিতে যাচ্ছেন সহকারী অধ্যাপক মোঃ হেবজুল আলম

পিএইচডি গবেষণার সুযোগ পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন শেরপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হেবজুল আলম লিমন। শিক্ষা মন্ত্রণালয়ের প্রেষণ মঞ্জুরের পর এক বছরের জন্য পূর্ণকালীন গবেষণায় অংশ নিতে যাচ্ছেন তিনি। এতে তাঁর শিক্ষকতা জীবনে যুক্ত হতে যাচ্ছে নতুন একাডেমিক অধ্যায়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ১ নভেম্বর ২০২৬ তারিখের প্রজ্ঞাপনে তাঁকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধীনে পূর্ণকালীন পিএইচডি গবেষণার জন্য এক বছরের প্রেষণ মঞ্জুর করা হয়েছে। তাঁর গবেষণার বিষয় ‘বাংলাদেশের উচ্চশিক্ষার হিসাববিজ্ঞান পাঠ্যক্রমে ক্লাউড কম্পিউটিংয়ের সংযুক্তি, সম্ভাবনা ও চ্যালেঞ্জ’।
২০১৫ সালের ১৫ মার্চ শেরপুর সরকারি কলেজে শিক্ষকতা জীবন শুরু করেন মোঃ হেবজুল আলম লিমন। দীর্ঘ এই সময়ে শিক্ষার্থীদের ভালোবাসা, শ্রদ্ধা এবং সহকর্মীদের সহযোগিতা ও আন্তরিকতা তাঁর পথচলার গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হয়ে উঠেছে।
এক বিদায়ী বার্তায় তিনি জানান, শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও শ্রদ্ধা তাঁর শিক্ষকতা জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা, পরামর্শ ও উৎসাহ তিনি আজীবন স্মরণ রাখবেন। দীর্ঘ কর্মজীবনে অজান্তে বা ভুলবশত কারও মনে কষ্ট দিয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।
তিনি আরও বলেন, যেখানেই থাকুন না কেন, শেরপুর সরকারি কলেজ সব সময় তাঁর হৃদয়ে থাকবে। তাঁর প্রত্যাশা, প্রিয় শিক্ষার্থীরা সততা, পরিশ্রম ও জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। নতুন এই গবেষণাযাত্রায় সবার দোয়া ও শুভকামনা কামনা করেছেন তিনি।
প্রজ্ঞাপন অনুযায়ী, মোঃ হেবজুল আলম লিমনের পিএইচডি গবেষণার মেয়াদ ১ নভেম্বর ২০২৬ থেকে অথবা দায়িত্বভার হস্তান্তরের তারিখ থেকে এক বছর নির্ধারণ করা হয়েছে।
ভোরের আকাশ/সু.পা