গাইবান্ধায় বাসদ নেতা কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত

বাসদ (মার্কসবাদী)'র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুর ১২টায় জেলা পাবলিক লাইব্রেরি হলরুমে বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়।
বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য কমরেড আহসানুল আরেফিন তিতু। এছাড়া বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য কমরেড নিলুফার ইয়াসমিন শিল্পী, কৃষক-শ্রমিক জনতালীগের সভাপতি অ্যাডভোকেট মোস্তফা মনিরুজ্জামান, জেলা কমিটির সদস্য কমরেড গোলাম ছাদেক লেবু, কমরেড পরমানন্দ দাস ও রাহেলা সিদ্দিকা প্রমুখ।
উক্ত স্মরণসভায় বক্তারা বলেন, আজীবন বিপ্লবী কমরেড মুবিনুল হায়দার চৌধুরী মার্কসবাদ-লেনিনবাদ এবং কমরেড শিবদাস ঘোষের চিন্তাধারাকে বাংলাদেশের বাস্তবতায় প্রয়োগ করে বাম রাজনীতিতে একটি স্বতন্ত্র ধারা গড়ে তুলেছিলেন। তিনি একটি সত্যিকারের বিপ্লবী রাজনৈতিক দল গড়ে তোলার লক্ষ্যে শত শত কর্মীকে আদর্শিকভাবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করেছেন।
তারা আরও বলেন, কমরেড মুবিনুল হায়দার চৌধুরী ব্যক্তিগত জীবনেও উন্নত বিপ্লবী চরিত্র গঠনের ওপর সর্বাধিক গুরুত্ব দিতেন। তিনি বিশ্বাস করতেন, বড় বড় সভা-সমাবেশের চেয়ে একজন আদর্শবান বিপ্লবী কর্মী গড়ে তোলা অধিক গুরুত্বপূর্ণ। তাঁর মতে, দৃঢ় আদর্শ ও বিপ্লবী চরিত্র থাকলে সীমিত সামর্থ্য নিয়েও একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠন গড়ে তোলা সম্ভব।
বক্তারা কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর আদর্শ, সংগ্রাম ও রাজনৈতিক দর্শন দেশের যুবসমাজের মধ্যে ছড়িয়ে দিয়ে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
স্মরণসভা শুরুর আগে প্রয়াত এই নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান বাসদ (মার্কসবাদী)'র কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য কমরেড আহসানুল আরেফিন তিতু, জেলা নেতৃবৃন্দ এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ভোরের আকাশ/এনউব