কাঁচপুরে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর ব্রিজের ঢালে যাত্রী ওঠানামার স্থানে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে যাত্রীবেশে উঠে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে কাঁচপুর ব্রিজের পাশে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে গাড়িতে থাকা যাত্রীরা তাৎক্ষণিক নেমে পড়ায় কোনো হতাহত হয়নি। তবে গাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এদিন সকাল ৯টার দিকে কাঁচপুর ব্রিজের পাশে নিয়মিত যাত্রী ওঠানামার নির্ধারিত স্থানে যাত্রীবাহী বাসটি থামানো ছিল।
এ সময় সাধারণ যাত্রীর ছদ্মবেশে এক দুর্বৃত্ত বাসটিতে ওঠে। বাসের ভেতরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিয়ে মুহূর্তের মধ্যে সে বাস থেকে নেমে দ্রুত পালিয়ে যায়।
সঙ্গে সঙ্গেই বাসের ভেতরে আগুন ধরে ছড়িয়ে পড়ে। তবে বাসের চালক, হেলপার ও উপস্থিত যাত্রীদের তৎপরতায় সবাই দ্রুত বাস থেকে নেমে যেতে সক্ষম হন। পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি জুয়েল রানা বলেন, যাত্রীবাহী বাস ও খড় বোঝাই ট্রাকে আগুন দেওয়া হয়েছে। তবে আগুনের ঘটনায় কোনো যাত্রীর ক্ষতি হয়নি। ঘটনাস্থলে রয়েছি এবং পুড়ে যাওয়া বাসটি রেকারের মাধ্যমে সরানো হচ্ছে। দুর্বৃত্তদের সনাক্তের চেষ্টা চলছে।
ভোরের আকাশ/ইউএম